লোভ না করার আদেশ
তোমার প্রতিবেশীর বাড়িতে তোমরা লোভ কোরো না; প্রতিবেশীর স্ত্রীতে, কিম্বা তার দাসে কি দাসীতে, অথবা তাঁর গরুতে কি গাধাতে, প্রতিবেশীর কোনো জিনিসেই লোভ কোরো না। (যাত্রাপুস্তক 20:17)
তোমরা প্রতিবেশীর স্ত্রীতে লোভ কোরো না; প্রতিবেশীর বাড়িতে কি ক্ষেতে, কিংবা তার দাসে কি দাসীতে, কিংবা তার গরুতে কি গাধাতে, প্রতিবেশীর কোনো জিনিসেই লোভ কোরো না।’ (দ্বিতীয় বিবরণ 5:21)
তোমরা তাদের খোদাই করা প্রতিমা সব আগুনে পুড়িয়ে দেবে; তুমি যেন ফাঁদে না পড়, এই জন্য তাদের গায়ের রূপা কি সোনা লোভ করবে না ও নিজের জন্য তা গ্রহণ করবে না, কারণ তা তোমার ঈশ্বর সদাপ্রভুর ঘৃণ্য বস্তু; (দ্বিতীয় বিবরণ 7:25)
লোভের জন্য শাস্তির সতর্কবাণী
আর তোমরা সেই বর্জিত দ্রব্য থেকে নিজেদেরকে সাবধানে রক্ষা করো, নাহলে বর্জিত করার পর বর্জিত দ্রব্যের কিছু নিলে তোমরা ইস্রায়েলের শিবির বর্জিত করে ব্যাকুল করবে। (যিহোশূয় 6:18)
ধিক তাদের যারা অপরাধের পরিকল্পনা করে, যারা নিজেদের বিছানায় মন্দ কাজ করার ষড়যন্ত্র করে। আর সকালের আলোয় তা সম্পন্ন করে কারণ তাদের কাছে শক্তি আছে। তারা ক্ষেতের বাসনা করে এবং তাদের অধিকার করে; তারা ঘরের বাসনা করে এবং তাদের নিয়ে নেয়। তারা লোকেদের ও তাদের বাড়ির ওপর জুলুম করে, লোকেদের ও তার পৈত্রিক সম্পত্তির ওপর দখল করে। এই জন্য সদাপ্রভু এই বললেন, “দেখ, আমি এই জাতির বিরুদ্ধে দুর্যোগ আনতে চলেছি, যার থেকে তুমি তোমার ঘাড় সরাতে পারবে না। তুমি অহঙ্কারের সাথে হাঁটতে পারবে না, কারণ সেই দিন মন্দ হবে। (মীখা 2:1-3)
লোভের জন্য শাস্তির উদাহরণ
ইস্রায়েল পাপ করেছে, এমন কি, তারা আমার আদেশ দেওয়া নিয়ম অমান্য করেছে; এমন কি, তারা সেই বাতিল জিনিসের কিছু নিয়েছে; আবার চুরি করেছে, আবার প্রতারণা করেছে, আবার নিজেদের জিনিসপত্রের মধ্যে তা রেখেছে। এই জন্য ইস্রায়েল-সন্তানরা নিজেদের শত্রুদের সামনে দাঁড়াতে পারে না, শত্রুদের সামনে থেকে চলে যায়, কারণ তারা বাতিল হয়েছে; তোমাদের মধ্য থেকে সেই বাতিল জিনিসকে দূর না করলে আমি আর তোমাদের সঙ্গে থাকব না। ওঠ, লোকেদের পবিত্র কর, বল, তোমরা কালকের জন্য পবিত্র হও, কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, ‘হে ইস্রায়েল, তোমার মধ্যে থেকে বাতিল জিনিস দূর না করলে তুমি নিজের শত্রুদের সামনে দাঁড়াতে পারবে না। অতএব সকালে নিজেদের বংশ অনুসারে তোমাদের কাছে নিয়ে আসা হবে; তাতে সদাপ্রভুর মাধ্যমে যে বংশকে মনোনীত করা হবে, সেই বংশের এক এক গোষ্ঠী কাছে আসবে ও সদাপ্রভুর মাধ্যমে যে বংশকে মনোনীত করা হবে, তার এক এক কুল কাছে আসবে ও সদাপ্রভুর মাধ্যমে যে কুলকে মনোনীত করা হবে, তার এক এক পুরুষ কাছে আসবে। আর যে ব্যক্তি বাতিল জিনিস রেখেছে বলে ধরা পড়বে, তাকে ও তার সম্পর্কীয় সকলকেই আগুনে পুড়িয়ে দিতে হবে, কারণ সে সদাপ্রভুর নিয়ম অমান্য করেছে ও ইস্রায়েলের মধ্যে মূর্খতার কাজ করেছে’।” পরে যিহোশূয় খুব ভোরে উঠে ইস্রায়েলকে নিজের নিজের বংশ অনুসারে কাছে আনলেন; তাতে যিহূদা-বংশ ধরা পড়ল; পরে তিনি যিহূদার গোষ্ঠীর সবাইকে কাছে আনলে সেরহীয় গোষ্ঠী ধরা পড়ল; পরে তিনি সেরহীয় গোষ্ঠীকে পুরুষ অনুসারে নিয়ে এলে সব্দি ধরা পড়ল। পরে তিনি তার কুলকে পুরুষানুসারে আনলে যিহূদা-বংশীয় সেরহের সন্তান সব্দির সন্তান কর্ম্মির পুত্র আখন ধরা পড়ল। তখন যিহোশূয় আখনকে বললেন, “হে আমার বৎস, অনুরোধ করি, তুমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর মহিমা স্বীকার কর, তাঁর স্তব (স্তুতি) কর; এবং তুমি কি করেছ, আমাকে বল; আমার কাছে গোপন করো না।” আখন উত্তর করে যিহোশূয়কে বলল, “সত্য আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি, আমি এই এই কাজ করেছি; আমি লুট করা দ্রব্যের মধ্যে ভালো একটি বাবিলীয় শাল, দুশো শেকল রূপা ও পঞ্চাশ শেকল পরিমাপের সোনা দেখে লোভে পড়ে চুরি করেছি; আর দেখুন, সে সকল আমার তাঁবুর মধ্যে মাটিতে লুকান আছে, আর নীচে রূপা আছে।” তখন যিহোশূয় দূত পাঠালে তারা তার তাঁবুতে দৌড়ে গেল, আর দেখ, তার তাঁবুর মধ্যে তা লুকান আছে, আর নীচে রূপা ছিল। আর তারা তাঁবুর মধ্য থেকে সে সমস্ত কিছু নিয়ে যিহোশূয়ের ও সমস্ত ইস্রায়েল সন্তানদের কাছে আনল এবং সদাপ্রভুর সামনে তা রাখল। পরে যিহোশূয় ও সমস্ত ইস্রায়েল সেরহের সন্তান আখনকে ও সেই রূপা, শাল, সোনা ও তার ছেলে ও মেয়েদের এবং তার গরু, গাধা, ভেড়া ও তাঁবু এবং তার যা কিছু ছিল, সমস্তই নিলেন; আর আখোর উপত্যকায় আনলেন। পরে যিহোশূয় বললেন, “তুমি আমাদের কেন ব্যাকুল করলে? আজ সদাপ্রভু তোমাকে ব্যাকুল করবেন।” পরে সমস্ত ইস্রায়েল তাকে পাথর দিয়ে আঘাত করল; তারা তাদেরকে আগুনে পোড়াল ও পাথর দিয়ে আঘাত করল। (যিহোশূয় 7:11-25)
আমাদের শিক্ষার জন্য দেওয়া লোভের উদাহরণ
এই সব বিষয় আমাদের দৃষ্টান্তস্বরূপে ঘটেছিল, যেন তাঁরা যেমন মন্দ অভিলাষ করেছিলেন, আমরা তেমনি মন্দ বিষয়ের অভিলাষ না করি। (1 করিন্থীয় 10:6)
লোভী লোকেরা ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না
অথবা তোমরা কি জান না যে, অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না? নিজেদের ঠকিও না; যারা ব্যভিচারী, যারা প্রতিমা পূজারী, কি পুরুষ বেশ্যা, কি সমকামী, কি চোর, কি লোভী, কি মাতাল, কি কটুভাষী, কি ঠক, তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না। (1 করিন্থীয় 6:9-10)
লোভী ব্যক্তি মূর্তিপূজক
কিন্তু বেশ্যাগমনের ও সব প্রকার অপবিত্রতা বা লোভের নামও যেন তোমাদের মধ্যে না হয়, যেমন পবিত্রদের উপযুক্ত। (ইফিষীয় 5:3)
কারণ তোমরা অবশ্যই জানো, বেশ্যাগামী কি অশুচি কি লোভী সে তো প্রতিমা পূজারী কেউই খ্রীষ্টের ও ঈশ্বরের রাজ্যে অধিকার পায় না। (ইফিষীয় 5:5)
লোভী বিশ্বাসীর সঙ্গে মেলামেশা করবেন না
আমি আমার চিঠিতে তোমাদেরকে লিখেছিলাম যে, ব্যভিচারীদের সঙ্গে সম্পর্ক না রাখতে; এই জগতের ব্যভিচারী, কি লোভী, কি (পরধনগ্রাহী) যে জোর করে পরের সম্পত্তি গ্রহণ করে, কি প্রতিমা পূজারীদের সঙ্গে একেবারে সম্পর্ক রাখবেনা, তা নয়, কারণ তা করতে হলে তোমাদেরকে পৃথিবীর বাইরে যেতে হবে। কিন্তু এখন তোমাদেরকে লিখছি যে, কোন ব্যক্তি বিশ্বাসী ভাই হয়ে যদি, ব্যভিচারী, কি লোভী, কি প্রতিমা পূজারী, কি কটুভাষী, কি মাতাল, কি কি (অত্যাচারী) যে জোর করে পরের সম্পত্তি গ্রহণ করে, তবে তার সঙ্গে সম্পর্ক রাখতে নেই, এমন ব্যক্তির সঙ্গে খাবারও খেতে নেই। (1 করিন্থীয় 5:9-11)
লোভ না করা ঈশ্বরভক্ত ব্যক্তির উদাহরণ
আমি কারও রূপা বা সোনা বা কাপড়ের উপরে লোভ করিনি। (প্রেরিতদের কার্য্য 20:33)
ঈশ্বর লোভ নিয়ন্ত্রণ করতে পারেন
বছরের মধ্যে তিনবার তোমাদের সমস্ত পুরুষ ইস্রায়েলের ঈশ্বর প্রভু সদাপ্রভুর সামনে উপস্থিত হবে। কারণ আমি তোমার সামনে থেকে জাতিদেরকে দূর করে দেব ও তোমার সীমানা বিস্তার করব এবং তুমি বছরের মধ্যে তিন বার তোমার ঈশ্বর সদাপ্রভুর সামনে উপস্থিত হবার জন্য গেলে তোমার জমিতে কেউ লোভ করবে না। (যাত্রাপুস্তক 34:23-24)
ব্যবস্থার কাজ বোঝাতে লোভের দৃষ্টান্ত
আমরা তবে কি বলব? আইন কি নিজেই পাপ? তা কোনদিন ই না; বরং পাপকে আমি জানতাম না যদি কি না আইন না থাকত; কারণ “লোভ কর না,” এই কথা যদি আইনে না বলত, তবে লোভ কি তা জানতে পারতাম না; কিন্তু পাপ সুযোগ নিয়ে সেই আদেশের মাধ্যমে আমার মধ্যে সব রকমের কামনা বাসনা সম্পন্ন করেছে; কারণ আইন ছাড়া পাপ মৃত। (রোমীয় 7:7-8)